ক্ষমতার দীর্ঘ হিসাব কষে যারা রাজত্ব করতে চেয়েছিল, তারা এখন দেশে নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, "সরকার ও বিরোধী দল সবাই অতীতে গুম, খুন ও মামলার শিকার হয়েছি। আমাদের প্রত্যাশা ছিল বর্তমান সরকার অন্তত 'হ্যাঁ' ভোটের সিদ্ধান্তকে অবজ্ঞা করবে না। কারণ আজ যারা ক্ষমতায় আছেন, কাল তারা নাও থাকতে পারেন। ৪১ সাল পর্যন্ত যারা ক্ষমতার নানা ছক সাজিয়েছিল, তারা তো এখন বাংলাদেশে থাকতে পারেনি।"
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাব মুক্ত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যসহ জ্বালানি সংকট নিরসনের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রেজাউল করিম আরও বলেন, "আমরা নিজ নিজ প্রতীকেই নির্বাচন করেছিলাম। তবে 'হ্যাঁ' ভোটের পক্ষে সবাই ভূমিকা রাখায় দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। বিচার বিভাগ, দুদক, মানবাধিকার কমিশন ও পিএসসিকে স্বাধীনভাবে গড়ে তোলার চাবিকাঠি ছিল এই 'হ্যাঁ' ভোটের মধ্যে। আমরা ভেবেছিলাম সংবিধান সংস্কার করে একটি সুন্দর রাষ্ট্র নির্মাণ করা সম্ভব হবে এবং জনগণ সেভাবেই রায় দিয়েছে।"
জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও জামায়াত নেতা রেজাউল ইসলাম খান সুমনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এসএইচ