নাটোর: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে বিদ্যুৎ ও সারের যে সংকট দেখা দিয়েছে, তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কৃষি মৌসুমের আগেই বিদ্যুৎ সংকট নিরসনের পাশাপাশি কৃষকদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামসাকাজীপুর জামে মসজিদে মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদার, মরহুমা জবেদা তালুকদার ও রাফিয়া তালুকদারের দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকটের মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এর মধ্যে আগের সরকারের রেখে যাওয়া ঋণ ও আর্থিক সংকটের কারণে বিদ্যুৎ খাতে সমস্যার সৃষ্টি হয়েছে। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হলেও এতে দেশ ঋণগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসকে কেন্দ্র করে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। একটি মহল সরকারকে বিব্রত ও বিতর্কিত করতে বিদ্যুৎ ও সারের সংকটকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে।
সারের সংকট প্রসঙ্গে হুইপ দুলু বলেন, বর্তমান সার সংকট অনেকটাই কৃত্রিম। আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া সার ডিলারদের পরিবর্তে প্রতিটি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের কাছে পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, কৃষির গুরুত্বপূর্ণ মৌসুম শুরুর আগেই বিদ্যুৎ ও সারের সংকট কাটিয়ে কৃষকদের স্বাভাবিকভাবে চাষাবাদ করার সুযোগ তৈরি করা হবে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য রুহুল আমীন তালুকদার টগর, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পিএস