বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে: তথ্যমন্ত্রী 

  • ভোলা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি : প্রতিনিধি

ভোলা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর এমনভাবে ভেঙে দিয়েছে যে, সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন।’

বুধবার (২ সেপ্টেম্বর) তিন দিনের সফরে ভোলায় এসে শহরের নতুন বাজার চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রতিটি মানুষই চায়। এই সেতুর জন্য আমরা সবাই আন্দোলন করেছি, সংসদেও এ দাবি তুলেছি এবং সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। তবে আমি লক্ষ্য করেছি কিছু মানুষ এটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা প্রচার করতে চায় আমরা নাকি সেতু চাই না—বাস্তবতা কিন্তু তা নয়। তাই ভোলার মানুষকে বিভ্রান্ত না করার এবং নিজেদের মধ্যে বিভক্তি না আনার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘সরকার দেখছে হিজলা-মুলাদী হয়ে সরাসরি শরীয়তপুর দিয়ে ঢাকা গেলে সময় প্রায় ৪০ মিনিট কম লাগে। বিশেষজ্ঞরা চিন্তাভাবনা করছেন কোনটা ভোলার জন্য সবচেয়ে ভালো হবে। আমরা আমাদের দাবির কথা বলেই যাব। তবে বিকল্প এই সড়কটি করতেও প্রায় ৮ হাজার কোটি টাকা লাগবে এবং ভোলার সামগ্রিক উন্নয়নের জন্য প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা চলছে। বিগত ৬ মাসে ৩ শত আসনের মধ্যে এমন একটি আসন দেখান, যেখানে ১০ হাজার কোটি টাকার বরাদ্দ আনা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততার সাথে পালন করব, ইনশাআল্লাহ।’

নিজের রাজনৈতিক নীতি স্পষ্ট করে মন্ত্রী বলেন, ‘গত ১৮ বছর আমি কী ধরনের রাজনীতি করেছি তা আপনারা দেখেছেন। আমি চাইলে অনেক সুযোগ-সুবিধা নিতে পারতাম, কিন্তু কোনো লোভ-লালসায় পা দিইনি। জীবনের প্রতিটি দুর্যোগে ভোলার মানুষ আমার পাশে ছিল। বিগত নির্বাচনে কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি—তা বিচার না করে, সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোলার উন্নয়নে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিগত ৬ মাস এমপি হিসেবে আপনারা আমাকে দেখেছেন। আমি কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না। আমার বা আমার দলের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা অনিয়ম করে, সে আমার দলের লোক হতে পারে না। আমি নিজে কখনো টেন্ডারবাজি করি না, করার প্রশ্নই ওঠে না। টিআর-কাবিখা নিয়ে কেউ কোনো অনিয়ম করলে সরাসরি ইউএনও অফিসে লিখিত অভিযোগ দেবেন; অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল হয়ে লাহারহাট পৌঁছান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেখান থেকে স্পিডবোটযোগে ভোলা খেয়াঘাটে পৌঁছালে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে বিএনপি ও বিজেপি নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ভোলা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএস