ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার, ১টি বাল্কহেড ও ১টি কাঠের বোটসহ ৮ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে। নদী থেকে অবৈধভাবে বালু তোলা অবস্থায় স্থান থেকেই তাদের হাতেনাতে আটক করা হয় এবং ব্যবহৃত ড্রেজার ও বোট জব্দ করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক আটজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা সরঞ্জামাদি ১৫ কার্যদিবসের মধ্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-মো. আবুল বাসার (৩৯), মো. ইসমাইল (৩১), মো. সিদ্দিক হাওলাদার (৩০), মো. তারেক রহমান (২২), মো. আরিফ হাওলাদার (৩০), মো. আলমগীর (৫৮), মো. হাসান হাওলাদার (২৫) ও মো. রাজিব হাওলাদার (১৯)।

কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নদী তীরবর্তী সাধারণ মানুষের বসতভিটা ও ফসলি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ