যুবককে বন্ধক রেখে ইয়াবা সংগ্রহের অভিযোগ, পরিবারে উদ্বেগ

  • মাদারীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০১:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

করি দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের ডাসারে সাব্বির হাওলাদার (২৫) নামে এক যুবককে কক্সবাজারের টেকনাফে নিয়ে ইয়াবা কারবারিদের কাছে ‘বন্ধক’ রেখে তিন লাখ টাকার ইয়াবা সংগ্রহের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক আসাদ বেপারী ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার পর প্রায় এক মাস ধরে নিখোঁজ সাব্বিরের সঙ্গে পরিবার কোনো যোগাযোগ করতে না পারায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, এইচএসসি পাস করে চাকরির সন্ধান করছিলেন শাজাহান হাওলাদারের ছেলে সাব্বির। এই সুযোগে প্রতিবেশী আসাদ বেপারী ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে টেকনাফে নিয়ে যান। পরবর্তীতে সেখানে সাব্বিরকে জিম্মি রেখে তিন লাখ টাকার ইয়াবা বাকিতে নিয়ে নিজ এলাকায় ফেরেন আসাদ। পাওনা টাকা পরিশোধ না করায় সাব্বিরকে সেখানেই আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

নিখোঁজ সাব্বিরের মা জানান, ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে টেকনাফে বন্ধক রেখে ইয়াবা আনা হয়েছে। এক মাসের মধ্যে মাত্র একবার ছেলের সাথে কথা হলেও বর্তমানে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলে কোথায় ও কী অবস্থায় আছে তা নিয়ে চরম আতঙ্কে রয়েছেন তারা এবং ছেলেকে দ্রুত ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে আসাদ বেপারীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ