ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের প্রবাসী শফিকুলের মৃত্যু

  • মাদারীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ইতালির নাপলি শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত শফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার দর্জিবাড়ি ব্রিজ সংলগ্ন নসু প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাপলি শহরে তিনি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার রাতে মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এই স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

প্রিয়জনের শেষকৃত্যের জন্য দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন নিহত শফিকুলের স্বজনেরা।

এসএইচ