কুমিল্লা: কুমিল্লার দেবীদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবকের ভাবি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমনকে (২৫) আটক করেছে পুলিশ।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মরিুজ্জামন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলো বড়শালঘর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬৫) ও তার নাতনি ইসরাত (৮ মাস)।
এ ঘটনায় পেয়ারা বেগমের পুত্রবধূ রায়েয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
[275889]
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। এরপর তার আট মাস বয়সী ভাতিজি আসরাতকে আছড়ে মেরে হত্যা করেন। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।
পরে স্থানীয়রা এসে রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। এ সময় অভিযুক্ত ইমনকে আটক করে পাশের একটি ঘরে আটকে রাখে। পরে পুলিশ এলে তাকে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মরিুজ্জামন বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানাতে পারব।’
এসআই