বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান ইসলাম মৃধা (১৪) তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা হুমায়ুন কবির মৃধা মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি
রায়হান উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়া গ্রামের বাসিন্দা ও দিনমজুর হুমায়ুন কবির মৃধার বড় ছেলে। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি।
পরিবার সূত্রে জানা গেছে, রায়হানের মা রানি বেগম চট্টগ্রামে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত। মায়ের কাছে বেড়াতে যাওয়ার পর গত ১৯ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম থেকে পরিবহনে মোরেলগঞ্জে আসে রায়হান। মোরেলগঞ্জ স্টিল ব্রিজের গোড়ায় স্টেশনে নামার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বহু আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর পিতা দিনমজুর মো. হুমায়ুন কবির মৃধা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বড় ছেলে রায়হান মৃধা মায়ের কাছে বেড়াতে গিয়ে পরিবহন থেকে মোরেলগঞ্জে স্টেশনে নামা হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কোনো সহৃদয় ব্যক্তি রায়হানের সন্ধান পেলে ০১৭৫৯৬২৯৮৩২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, শিক্ষার্থী রায়হানের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডির সূত্র ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং বিভিন্ন স্থানে পুলিশি বার্তা পাঠানো হয়েছে।
পিএস