রামগতিতে মাদরাসায় যাওয়ার পথে ১৩ বছরের শিশু নিখোঁজ

  • লক্ষ্মীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৫:২২ পিএম
ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে আরাফাত হোসেন শাহীন (১৩) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত শনিবার মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিশুটির পরিবার।

নিখোঁজ শাহীনের মা শাহিনুর বেগম গতকাল বুধবার রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহীন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামের বাসিন্দা আবুল বাশারের ছেলে। সে কমলনগর উপজেলার তোরাবগঞ্জের দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রামগতির চর পোড়াগাছা এলাকা থেকে তোরাবগঞ্জের ওই মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় শাহীন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি। পরে পরিবারের সদস্যরা ও মাদরাসার শিক্ষকেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

শিশুটির বাবা আবুল বাশার বলেন, বাড়ির লোকজন ও মাদরাসার শিক্ষকরা মিলে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে খোঁজ করেছি। কিন্তু এখন পর্যন্ত শাহীনের কোনো সন্ধান পাইনি।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় শাহীনের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও টুপি। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, শাহীনকে তার মা মাদরাসা পর্যন্ত এগিয়ে দেননি। অর্ধেক পথ থেকে সে নিখোঁজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাদরাসায় পড়াশোনার ভীতি থেকেও এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির মা থানায় জিডি করেছেন। পুলিশ তাকে উদ্ধারে ব্যবস্থা নিচ্ছে।

পিএস