চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে নথিপত্র যাচাই-বাছাইকালে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নাসিমুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ভারত গমনের উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট জমা দেন নাসিমুল। সেখানে কম্পিউটার সিস্টেমে তথ্য যাচাই-বাছাই করতেই ঢাকা বিশেষ শাখা (এসবি) কর্তৃক তার বিরুদ্ধে জারি করা দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য ভেসে ওঠে। এছাড়া তার বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ২০২৪ সালের দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
বিষয়টি জানার পরপরই তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার, এসএস (ইমিগ্রেশন ল্যান্ড অ্যান্ড সি-পোর্টস, ওয়েস্ট) এবং দর্শনা ও গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও গোদাগাড়ী থানার অধিযাচনের প্রেক্ষিতে দর্শনা থানা পুলিশ দ্রুত চেকপোস্টে পৌঁছে তাকে গ্রেফতার করে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, আটক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ইমিগ্রেশনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
পিএস