দর্শনা ইমিগ্রেশনে দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে নথিপত্র যাচাই-বাছাইকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নাসিমুল ইসলাম গোদাগাড়ী থানার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

ইমিগ্রেশন পুলিশ জানায়, রবিবার সকালে ভারত গমনের উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন নাসিমুল। এ সময় কম্পিউটার সিস্টেমে যাচাই-বাছাই করে দেখা যায়, ঢাকা বিশেষ শাখা (এসবি) থেকে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে গোদাগাড়ী থানার অধিযাচনের ভিত্তিতে দর্শনা থানা-পুলিশ চেকপোস্টে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ইমিগ্রেশনে সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করার পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএইচ