বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী পরিবহনের চাঁপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ তিন বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতরা হলেন-আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও পাশ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।
নিহত তিনজনেই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানিয়েছেন, তিন বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটিপাড়া নামক এলাকায় ঢাকাগামী বেপরোয়াগতির যাত্রীবাহী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাঁপা দেয়। এসময় মোটরসাইকেল চালক সৌরভ ঢালীসহ আরোহী মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘাতক পরিবহনটিকে আটক করতে সক্ষম হলেও চালকসহ স্টাফরা পালিয়ে গেছে।
এ ঘটনায় পর প্রায় আধাঘন্টা মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ ছিলো। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করেছে।
ওসি (তদন্ত) ফারুক হোসেন আরও জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিএস