নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার নাগরিকদের একে একে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। সরকার তার দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্মিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাবে। এক্সারসাইজ করবে, শরীর, মন সুস্থ থাকবে। সরকার একে একে নাগরিকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। তাকে ধন্যবাদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মেয়র মহোদয়ের এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ। ক্রমান্বয়ে নগরের খালগুলো পাড়ে এবং অন্যান্য এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

এসময় মঞ্চে থাকা তিন সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হকের নাম ধরে মন্ত্রী বলেন, মাননীয় সংসদ সদস্যরা যারা আছেন আপনারাও আপনাদের এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ গ্রহণ করুন। মানুষকে ঘর থেকে বাইরে এনে শরীর চর্চার সুযোগ করে দিন।

পিএস