তাজমিন হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, আজ সংবাদ সম্মেলন

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৭:৩৩ এএম

কুমিল্লায় জান্নাতুল তাজমিনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এসব বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তাজমিন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

তার দেওয়া তথ্য যাচাই করে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে। তবে এখনই বিস্তারিত কিছু জানাতে চায় না পুলিশ।

পুলিশ সুপার আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, হত্যার মোটিভ অনেকটাই স্পষ্ট। অটোরিকশাচালক সুমন বেশ কিছু তথ্য দিয়েছেন। তাজমিনের মোবাইলের কললিস্ট পর্যালোচনায় তথ্য পাওয়া গেছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

পলিশের দাবি, ঘটনাস্থল ধানক্ষেতে ধস্তাধস্তির আলামত মিলেছে। একপর্যায়ে তাকে গামছা পেচিয়ে হত্যা করে চালক সুমন। সে একাই হত্যাকাণ্ড ঘটায়।

পুলিশ আরও জানায়, তার আগে রাতে বাস থেকে নেমে শহরের রেসকোর্স এলাকার বাসায় ফিরতে ওই সিএনজি অটোরিকশায় ওঠে তাজমিন। গভীর রাতে তাজমিনকে একা পেয়ে চালক সুমন শহরে না ফিরে উল্টো পথে সিএনজি অটোরিকশা চালাতে থাকে।

কিছুক্ষণ পর এটা বুঝে সিএনজি অটোরিকশা থেকেই লাইফ লোকেশন ও হোয়াটসঅ্যাপে বাবাকে মেসেজ পাঠায় তাজমিন। সিএনজিটি বিজরা হয়ে রসুলপুর ও শিকারীপাড়া দিয়ে জগতপুরের ধানক্ষেতে যায়।

৫টি ধান ক্ষেত দৌঁড়েও বাঁচতে পারেনি তাজমিন। বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে।

সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে আর স্কুলে যায়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাজমিনের বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা রিজিয়নে চাকরি করছেন।

তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত ৪ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাজমিন। গত বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা ১৯ মিনিটে তাকে সবশেষ কুমিল্লার হোটেল নূরজাহানের সামনে দেখা যায়।

ওইদিন রাত ২টা ৫৮ মিনিটে বাবার হোয়াটসঅ্যাপে তার বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যেতে ম্যাসেজ পাঠায়। গভীর রাতে বাবা ঘুমিয়ে থাকায় মেসেজটি দেখতে পাননি। সকালে অজ্ঞাত হিসেবে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিচয় শনাক্ত করা হয়।

মরদেহের পাশে পড়ে থাকা সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ। ঘটনার পর নিহত তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এম