কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের নির্ধারিত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু চাল বিতরণের দাবিতে সোমবার বিকেলে উপজেলার কচুয়া ফেরিঘাট এলাকায় এক মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ভুক্তভোগী জেলেরা।

​মানববন্ধনে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কার্ডধারী জেলে মো. খোকন, ৯ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিম ও মো. আজাহার আলী ফকিরসহ একাধিক নিবন্ধিত জেলে বক্তব্য দেন।

​সমাবেশে উপস্থিত কার্ডধারী জেলেরা অভিযোগ করেন, সরকারি নিয়ম ও তালিকা অনুযায়ী চাল বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়ম করা হচ্ছে। ফলে সরকারি সুবিধা পাওয়ার যোগ্য হয়েও প্রকৃত অনেক জেলে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

​মানববন্ধনে ১ নম্বর ওয়ার্ডের জেলে মো. খোকন বলেন, “আমরা কষ্ট করে নদীতে মাছ ধরে সংসার চালাই। সরকার আমাদের জন্য যে চাল পাঠায়, তা বিতরণ নিয়ে প্রতিবারই টালবাহানা করা হয়। এবারও চাল বন্টনে অনিয়ম করা হয়েছে, ফলে নিবন্ধিত অনেক জেলে খালি হাতে ফিরে গেছেন।”

​৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী জেলে মো. আব্দুর রহিম জানান, তারা কার্ডধারী প্রকৃত জেলে হলেও বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম থাকায় সময়মতো সরকারি বরাদ্দ পাচ্ছেন না। দ্রুত এই অনিয়মের তদন্ত করে প্রকৃত কার্ডধারী সকল জেলের মাঝে চাল বিতরণের জোর দাবি জানান তারা।

চাল বিতরণে অনিয়মের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. শামসুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ইউনিয়নে মোট ৫৫০ জন নিবন্ধিত জেলে কার্ডধারী রয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা মাত্র ১৮০ জনের বরাদ্দ পেয়েছি। প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দ কম থাকায় বাকি জেলেদের চাল দেওয়া সম্ভব হয়নি।”

​তিনি আরও জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা নিজে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন, ফলে এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না।

পিএস