আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০২:০৮ পিএম
ছবি : প্রতিনিধি

সাভার: ঢাকার সাভারের আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে পথরোধ করে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক বাংলাবাজার পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে বাইপাইলের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাল হোসেন মুকুলের স্ত্রী মোছা. আলো বেগম (৪০) ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করেছেন ওই সাংবাদিক।

জিডি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে শান্তিনগর এলাকায় সিদ্দিকের বাড়ির সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানের দাবি, এলাকাটি নির্জন হওয়ায় তিনি নিরাপত্তার জন্য সিদ্দিকের বাড়িতে আশ্রয় নেন। তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে সরে যান। এ সময় অন্ধকারে আরও কয়েকজনকে সশস্ত্র অবস্থায় দেখতে পান বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, কাউছার নামে এক ব্যক্তি তাঁদের নেতৃত্বে ছিলেন।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। ওই সংবাদ প্রকাশের জের ধরেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁর ধারণা।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি।

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের পর ঘটনার বিস্তারিত ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে ‘মোনাভী অল বাংলাদেশ’ নামে একটি কোম্পানির মাধ্যমে বরগুনার আমতলী এলাকা থেকে প্রায় ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে অতীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

পিএস