সুন্দরবন ও মোংলায় প্রধানমন্ত্রীর দিনভর কর্মব্যস্ততা: আকাশ ও জলপথে পরিদর্শন

  • খুলনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০২:২৮ পিএম
ছবি : প্রতিনিধি

খুলনা: সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ এবং মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের নানা উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে দেখতে দিনভর ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে আজ বিকেলে তিনি ঢাকায় ফিরে যাবেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারযোগে আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্টের মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সার্বিক পরিবেশগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আকাশপথে পরিদর্শন শেষে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে অবতরণ করেন। সেখানে স্থানীয় প্রশাসন ও বিএনপির দলীয় নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান। পরবর্তীতে নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে জলপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী নৌযানটি বাংলাদেশ নৌবাহিনীর মোংলা জেটিতে পৌঁছায়।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় মোংলায় মধ্যাহ্নবিরতি ও বিশ্রামের কর্মসূচি নির্ধারিত রয়েছে। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও পর্যালোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সভা শেষে দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সেখান থেকে বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত (বেজা) অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন এবং বেলা সাড়ে ৩টায় উক্ত অর্থনৈতিক অঞ্চলটির কার্যক্রম ও অর্থনৈতিক প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন।

সুন্দরবন, দাকোপ ও মোংলা বন্দর এলাকাজুড়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয়। দিনভর নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি ও পরিদর্শন শেষে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করবেন।

অদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নিবিড় পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা খুলনা সহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ, পর্যটন এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে।

পিএস