বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন বলেছেন, জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে বর্তমান সরকার জাতির সাথে প্রতারণা করছে। সরকার নিজেদের সুবিধাজনক বিষয়গুলো গ্রহণ করলেও গণভোট ও জুলাই সনদ না মেনে চরমভাবে ওয়াদা ভঙ্গ করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুকনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দীন বলেন, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এক জিনিস নয়। আগামীতে স্থানীয় নির্বাচনে ভালো ফলাফলের জন্য আজ থেকেই ব্যাপকভাবে গণসংযোগ শুরু করতে হবে। নীলফামারীর চারটি আসনেই ভালো ফলাফলের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তার প্রমাণ দিতে হবে।
তিনি আরও বলেন, রুকনদের প্রতিটি কাজ যেন আখিরাতে জান্নাত লাভের উপযোগী হয়, সেই চেষ্টা জোরদার করতে হবে। সকল কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও এখলাসের সাথে। কোনো অবস্থাতেই সীমালঙ্ঘনমূলক কাজ করা যাবে না। পাশাপাশি কুরআন অধ্যয়ন বাড়াতে হবে।
নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
সম্মেলন শেষে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে নতুন মেয়াদের জন্য জেলা আমির নির্বাচন সম্পন্ন হয়।
এসএইচ