নওগাঁর মান্দায় ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে ঘুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণা চালিয়ে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা। একই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
নওগাঁ প্রতিনিধি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যজন হলেন নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রকাশ্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন।
মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারককে বলতে শোনা যায়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দল-মত নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ করা হয়।
বিষয়টি পুলিশের নজরে এলে তাৎক্ষণিক অনুসন্ধান শুরু হয়। এর ধারাবাহিকতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের অভিযোগে বৃহস্পতিবার রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার জানান, উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার সীমান্ত এলাকার খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শহিদুল ইসলাম ঘটনার বিষ বিষয়টি স্বীকার করেছেন।
এসএইচ