পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার ৩ নভেম্বর ইউনিয়ন পরিষদ সম্মেলনকক্ষে এই ইউনিয়নের কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিন আরামবাড়িয়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের স্বপন কর্মকারের বাড়িতে গণনার মাধ্যমে এই সাঁড়া ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা হয়। পর্যায়ক্রমে ইউনিয়নের অন্য ওয়ার্ডগুলোতেও এ কার্যক্রম পরিচালিত হবে।
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বগার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাক্কে মন্ডল এবং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছাইফুদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেকমত উল্লাহ কনক, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা এনি বড়ুয়া, ইউনিয়ন সমাজকর্মী আরিফুল ইসলাম, সুপারভাইজার মো. সেলিম, সংরক্ষিত নারী সদস্য, নয়টি ওয়ার্ডের ইউপি সদস্য, সুধীজন ও তথ্য সংগ্রহকারীরা।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে পরিবারে নারীর ক্ষমতা, অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে পরিবারগুলোকে সহায়তা করার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসএইচ