লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় মো. আশরাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দিন কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন স্থানীয় বলাইটারি গ্রামের মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে মো. আশরাফ হোসেন। ঘটনার দিনই শিশুটির মা শাপলা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় এই রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অর্থদণ্ডের সম্পূর্ণ অর্থ ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান সন্তোষ প্রকাশ করে জানান, এ রায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাদীপক্ষ সঠিক বিচার পেয়েছেন।
পিএস