যে কারণে একযোগে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১২:২৬ পিএম
ফাইল ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে দলটির ৩১ জন নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে সদর পশ্চিম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তারা এই পদত্যাগপত্র জমা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ জন নেতা পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্রে ৩১ জন স্বাক্ষর করলেও সোমবার দুপুরে তা জমা দিতে আসেন ১০ জন নেতা।

পদত্যাগপত্র জমা দেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার প্রমুখ।

পদত্যাগের কারণ সম্পর্কে ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন জানান, জাবেদ বিভিন্ন নারীর কাছ থেকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছেন এবং জুয়াসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। নারীসংক্রান্ত কেলেঙ্কারির ঘটনায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দল ও তাঁদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, যার প্রতিবাদেই তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে সদর পশ্চিম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, তাঁরা কোনো কর্মীকে হারাতে চান না। তিনি পদত্যাগপত্রটি মৌখিকভাবে গ্রহণ করেননি, কেবল নিজের কাছে রেখেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

দলীয় সূত্র জানায়, এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছিল ইউনিয়ন কমিটি। এর ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এসএইচ