ঈশ্বরদী: দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ঈশ্বরদীসহ পাবনাবাসীর। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন। এর মধ্য দিয়ে সরাসরি রেল যোগাযোগে যুক্ত হচ্ছে পাবনা সদর ও রাজধানী ঢাকা। নতুন এই ট্রেন চালুর খবরে উচ্ছ্বসিত ঈশ্বরদীবাসীও। কারণ উদ্বোধনী দিনে পাবনা ও ঢাকার মধ্যবর্তী একমাত্র যাত্রাবিরতি থাকবে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে।
উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৪টায় পাবনা স্টেশন থেকে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এদিন ট্রেনটি মাঝপথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে। উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে।
পরদিন ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। প্রভাতী এক্সপ্রেস সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে এবং গোধূলি এক্সপ্রেস বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে।
নতুন ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। ফলে এসব এলাকার যাত্রীরাও ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন।
রেলওয়ের নির্ধারিত ভাড়া অনুযায়ী, পাবনা থেকে প্রভাতী এক্সপ্রেসে ঈশ্বরদী যেতে শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ১১৫ টাকা। একই ট্রেনে ঢাকা বিমানবন্দর পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৮১৭ টাকা।
অন্যদিকে, গোধূলি এক্সপ্রেসে ঢাকা বিমানবন্দর থেকে পাবনা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৮১৭ টাকা। ঢাকা বিমানবন্দর থেকে ঈশ্বরদী পর্যন্ত ভাড়া যথাক্রমে ৩৯০ ও ৭৪২ টাকা। এসব ভাড়ার সঙ্গে সহজের চার্জ হিসেবে আরও ২০ টাকা যুক্ত হবে।
গত ১২ নভেম্বর ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর পাশাপাশি ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের অপেক্ষারও অবসান হচ্ছে। বিশেষ করে উদ্বোধনী ট্রেনের যাত্রাবিরতি ঈশ্বরদীতে হওয়ায় স্থানীয় যাত্রীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
পিএস