পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৪ ঘণ্টায় টোল আদায় ৮৩ লাখ টাকা

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতু ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকায় সরেজমিনে এ চিত্র দেখা যায়। এ সময় যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও নিয়মিত বিরতিতে বিভিন্ন ধরনের যানবাহন সেতু পারাপার হতে দেখা যায়।

পুলিশ ও পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৬ হাজার ৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৮৩ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী ২ হাজার ৪০০টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৩১ লাখ ৪ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী ৩ হাজার ৬৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৫২ লাখ ৩৫ হাজার ৮৫০ টাকা।

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সেতুর যান চলাচল ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কর্মসূচির কারণে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে তারা।

এদিকে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন পয়েন্টে টানা দুই দিন ধরে তাঁরা অবস্থান করছেন।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে নেতাকর্মীরা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক পাহারা দিচ্ছেন।

সাঈদ আহমেদ আসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যাতে লকডাউন কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোল আদায় ও যানবাহন পারাপারের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সেতুর সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, লকডাউন কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সেতু ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত যান চলাচলে কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পিএস