রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এসএইচ