নাটোর: নাটোরে ১১ বছর বয়সী নাতিকে জবাই করে হত্যা এবং নিজের বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার মামলায় ছেলে মো. শাহ আলমকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে মো. সোহাগ (২৮) নামে অপর এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ পাড়ার বাসিন্দা শাহাদৎ সর্দার (৫৭) ঝলমলিয়া বাজারে বীজের ব্যবসা করতেন। তার ছেলে শাহ আলম দীর্ঘদিন ধরে বাবার কাছে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে বসতভিটার আট শতক জমি লিখে দেওয়া হলেও বাকি জমি নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ তৈরি হয়।
মামলার বিবরণ অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিজেদের বাড়িতে শাহ আলমের প্রথম স্ত্রীর ১১ বছর বয়সী ছেলে মো. আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। আলিফ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এরপর একই দিন রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির প্রধান ফটকের সামনে বাবা শাহাদৎ সর্দারের ওপর হামলা চালান শাহ আলম। এ সময় ধারালো হাসুয়া দিয়ে তার মাথা ও পিঠে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ সর্দার তার মেয়ে মোছা. সীমা বেগমের মাধ্যমে নাটোর সদর থানায় হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত শাহ আলমকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া বাবাকে হত্যাচেষ্টার দায়ে দণ্ডবিধির ৩০৭ ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে, হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে মো. আশরাফের ছেলে মো. সোহাগকে দণ্ডবিধির ৩০২/১০৯ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি পলাতক মো. মিন্টুকে (৩৬) খালাস দিয়েছেন আদালত।
পিএস