চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী ও সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। গণভোটের রায়কে উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণ্ন করছেন। ৭০ ভাগ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ ভাগ সংসদীয় আসনের জোর দেখিয়ে প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ ভাগ ভোটের গণরায়কে মেনে নিন।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিস্টকে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।
প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলরের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্পমালিক ও নীতিনির্ধারকরা ‘শিল্প বাঁচলে, দেশ বাঁচবে’ বললেও বাস্তবতা হলো ‘শ্রমিক বাঁচলেই, শিল্প বাঁচবে’। যে শ্রমিকরা শ্রম ও ঘাম দিয়ে শিল্প বাঁচিয়ে রাখেন, তাদের ন্যূনতম অধিকার ও অসুস্থতায় চিকিৎসার সুযোগ না দিলে সেই শ্রমনীতি প্রত্যাখ্যান করে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম বন্দর ও দেশের সম্পদ ব্যবস্থাপনা প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সব সম্পদ দেশীয়ভাবে পরিচালনা করার সক্ষমতা অর্জন করুন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমনকি দুঃখজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তি এসব ষড়যন্ত্রের অংশ। চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিকিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে।
ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধী খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে; জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছে। দিল্লি যদি রিমোট কনট্রোলের মতো করে বাংলাদেশে আধিপত্য চালাতে চায়, তাহলে আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশ কখনো দিল্লির ন্যূনতম আধিপত্যও মেনে নেবে না।
পিএস