নির্বাচনে আইনি বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:২২ এএম

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ এসব আবেদনের কোনোটি গ্রহণ না করায় সংশ্লিষ্ট তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এসব মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন।

ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ তুলে তার প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি রিট করেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। তবে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করা হয়। আবেদনে দাবি করা হয়, কাইয়ুম ভানুয়াতো নামের একটি দেশের নাগরিক। তবে আপিল বিভাগ এ বিষয়ে শুনানির তারিখ পরবর্তী সময়ে নির্ধারণের আদেশ দেন।

অন্যদিকে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করলেও তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন আবেদনটি খারিজ করলে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করলে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়, যা মঙ্গলবার খারিজ করে দেন আদালত।

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে ঋণখেলাপির অভিযোগে একই আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনে আপিল করলেও পরে তারা আবেদন প্রত্যাহার করে নেন। এরপর জামায়াতে ইসলামীর প্রার্থী সাহাবুদ্দিন হাইকোর্টে রিট দায়ের করলে সেটিও খারিজ হয়। ওই আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি নির্বাচন-পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

ফলে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির এই তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই।

এম