যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০১:০৬ পিএম
ফাইল ছবি

ঢাকা: রাজধানী পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার এবং গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৭ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, পল্লবীর যুবদল নেতা কিবরিয়াকে হত্যার মিশনে অংশগ্রহণকারী দুই শুটারকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ র‍্যাব-৪ এর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিহত কিবরিয়া ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন বলে জানা যায়। 

গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মুখোশধারী তিন সন্ত্রাসী মিরপুর ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করে। 

হত্যাকাণ্ডে ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে পাঁচজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়।