জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটকের পর রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ দুপুরের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবি।
মঙ্গলবার (৭ এপ্রিল) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাসহ রাজধানীর উত্তরা ও বনানী থানায় একাধিক মামলা রয়েছে। ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
ডিবি সূত্র আরও জানায়, আদালতে হাজির করার পর তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ জাতীয় নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত এই রাজনীতিক শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান।
এম