আমি ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যা মামলায় নিজ স্ত্রীকে নির্দোষ দাবি করে আসামি সোহেল রানা বলেন, আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে।

এ মামলায় চার্জ গঠনের শুনানির জন্য সোমবার (১ জুন) আদালতে তোলার সময় সাংবাদিকদের সামনে এমন দাবি করেন আসামি সোহেল রানা।

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে। সোমবার সকালে আসামিদের আদালতে হাজির করা হয় এবং পরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয়। এ সময় স্ত্রীকে নির্দোষ দাবি করে ‘ডলার’ নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে বক্তব্য দেন সোহেল।

আদালত সূত্রে জানা যায়, বেলা ১১টার পর তাদের বিচারকের এজলাসে হাজির করা হয়।

আদালতে আনার সময় সাংবাদিকদের সামনে কথা বলার চেষ্টা করেন আসামি সোহেল রানা। তাকে বলতে শোনা যায়, ‘আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে। ডিএনএ টেস্ট না নিয়ে অটোমেটিক লেখা হয়েছে।

ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর ১১ নম্বর বাড়ির অনেক টাকাওয়ালা। আপনারা মেইন আসামি ডলারকে ধরেন, সে মারছে রামিসাকে।

মামলার অভিযোগ অনুযায়ী, ১৯ মে সকালে স্কুলছাত্রী রামিসা আক্তার নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথাও উল্লেখ রয়েছে।

পিএস