ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগটি দাখিল করেন রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন এবং জুলাই আন্দোলনে আহত আবু বকর ছিদ্দিক (তুহিন ফরাজী) ও তামিম হাসান উপস্থিত ছিলেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে তারা হলেন- সাবেক এমপি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা মেহের আফরোজ শাওন, অভিনেতা হিরো আলম, অভিনেত্রী আশনা হাবীব ভাবনা, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা আজিম, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা চন্দন রেজা, সাবেক সংস্কৃতিমন্ত্রী ও প্রবীণ অভিনেতা আসাদুজ্জামান নূর, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, অভিনেত্রী তানভীন সুইটি, নাট্যব্যক্তিত্ব হৃদি হক, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী সোহানা সাবা, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, অভিনেত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী শামীমা তুষ্টি, মডেল মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোবিন মেহেদী, সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলাম।
অভিযোগপত্রে বলা হয়, উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনাবলিতে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ বিভিন্ন সময়ে জনপরিসরে উত্থাপিত হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে অভিযোগটি দাখিল করা হয়েছে।
পিএস