কেরাণীগঞ্জে ইয়াবা তৈরি চক্রের সন্ধান, গ্রেফতার ৪ মাদক কারবারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি : প্রতিনিধি

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি চক্রের কার্যক্রম উন্মোচন করা হয়।

অভিযানে ১৯৬৮ (এক হাজার নয়শত আটষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৯০ হাজার ৪ চারশত টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া আটককৃতদের কাছ থেকে ইয়াবা তৈরির বিভিন্ন ধরণের পাউডার সদৃশ কাঁচামাল ও যন্ত্রপাতি, ৫টি মোবাইল ফোন এবং ১টি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মো. আলমগীর @ আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০)।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আলমগীর @ আন্ডে (৪০) ডিএমপি, ঢাকার রামপুরা, কামরাঙ্গীরচর এবং মোহাম্মদপুর থানায় একটি করে মোট ০৩ টি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

রিয়াদ/পিএস