ঢাকা: ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীকে হত্যা ও ডাকাতির মামলায় ছয় আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ অক্টোবর) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বিচারক সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার জানান।
অভিযুক্ত ছয় আসামি হলেন–আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, হাদিসুর রহমান সাগর, মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন।
এর মধ্যে জামিনে থাকা তিন আসামি নাহিদ, রিপন ও হাদী আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে আইনজীবী জায়েদুর রহমানসহ কয়েকজন আইনজীবী অব্যাহতির আবেদন করেন।
কারাগারে থাকা আসামি সাগরকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অন্যদিকে বাশার ও ফারদীন পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।
পিএস