সবশেষ মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই খায়রুল হকের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০৭:১১ পিএম
ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এ নিয়ে খায়রুল হকের বিরুদ্ধে থাকা সবগুলো মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।

তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়, যার ফলে দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়।

অবসরে যাওয়ার পর ২০১৩ সালের ২৩ জুলাই তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় তৎকালীন সরকার। এরপর কয়েক দফায় তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন তিনি।

তার প্রায় এক বছরের মাথায় ২০২৫ সালের ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।

ওইদিন রাতেই তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

গত এক বছরে তাকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা বা হত্যাচেষ্টা, রায় ‘জালিয়াতি’ এবং দুর্নীতির মোট নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন বলে তার আইনজীবীর জানায়।

পিএস