নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৮:২৯ এএম

সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ। পেছনের বিচারিক প্রক্রিয়া ও আপিল শুনানি শেষে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর আজ সোমবার (২৪ আগস্ট) রায় দেওয়া হবে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বিশেষ দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। অন্যদিকে আসামি পক্ষে মামলায় আইনি লড়াই চালান জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজালাল, এস এম মাসুদ হোসেন দোলন ও মোহাম্মদ শিশির মনিরসহ কয়েকজন বিশিষ্ট আইনজীবী।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায়ে অভিযুক্ত ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম, শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদরাসার শিক্ষার্থী নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মণি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম এবং মহি উদ্দিন শাকিল।

দেশে নারী ও শিশু নির্যাতনের একাধিক সংবেদনশীল ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন। সেই বিশেষ বেঞ্চেই অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি সম্পন্ন হয়।

বিশেষ বেঞ্চটিতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে পৃথক একটি টিমও গঠন করা হয়েছিল।

এম