ঢাকা: ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ২৫ মিলিয়ন ডলার ফেরত আনতে নিষ্ক্রিয়তার অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কর্মকর্তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।
একই সঙ্গে অর্থ স্থানান্তর ও অর্থপাচারের অভিযোগে দুদকে করা একটি আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. হামিদুর রহমান নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
রিটে বলা হয়েছে, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শওকতের নামে ২৫ মিলিয়ন ডলারের অঘোষিত অর্থের সন্ধান পায়। সন্দেহজনক লেনদেনটি সাময়িকভাবে আটকে রেখে বিএফআইইউকে জানানো হলেও নির্ধারিত সময়ে বাংলাদেশ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে অর্থটি দুবাইয়ে স্থানান্তর করা হয়।
শওকত পরে বিদেশে থাকা অর্থ সম্পদ হিসেবে ঘোষণা করে ১৩৬ কোটি টাকা আয়কর এবং ৩০৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা দেন। তবে অর্থের উৎস ও বিদেশে নেওয়ার পদ্ধতি নিয়ে তদন্ত হয়নি বলে রিটে অভিযোগ করা হয়েছে।
এএইচ/পিএস