সমালোচনার পর হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগের দিন জাতীয় সংসদে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে হাজির করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, জিয়াউল আদালত প্রাঙ্গণে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং মনে হচ্ছে তিনি আনন্দভ্রমণে বের হয়েছেন।

এর জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে আশ্বস্ত করে বলেন, জিয়াউল আহসান এই সুযোগ আর পাবেন না এবং এ ঘটনার পুনরাবৃত্তি হবে না। মন্ত্রীর বক্তব্যের পরদিন আজ তাঁকে কড়া নিরাপত্তায় হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো।

আজ সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়। পাশাপাশি তাঁদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

এই মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি আগেই শেষ হয়েছে। আজ আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি চলছে।

প্রথমে হুইলচেয়োরে করে এজলাসে নেওয়া হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এরপর সাবেক মন্ত্রী দীপু মনি ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে এজলাসে নেওয়া হয়। অন্য আসামিদের দুপুর ১২টা ৫৫ মিনিটে এজলাসে নেওয়া হয়। আসামিদের আদালতে হাজিরের সময় ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

ট্রাইব্যুনালে হাজির করা ১১ আসামি হলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা।

এসএইচ