সিন্ডিকেট ভাঙতে পূর্বাচলে চালু হচ্ছে ‘কৃষকের বাজার’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৬:১৫ পিএম

ঢাকা : বাজার সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক ও ভোক্তার মাঝে সরাসরি সংযোগ স্থাপন করতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে চালু হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বাজারব্যবস্থা ‘কৃষকের বাজার’।

আগামী ১০ অক্টোবর এই বাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক উদ্যোক্তারা।

এ উপলক্ষে গত ২ অক্টোবর, কৃষকের বাজার প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কৃষক ও খামারিদের সাথে। এতে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে প্রান্তিক কৃষক ও খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য স্বস্তি ফিরিয়ে আনা। কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করাই হবে দেশের খাদ্য নিরাপত্তা ও ন্যায্য বাজার ব্যবস্থার মূল ভিত্তি।”

তিনি আরও জানান, সাপ্লাই চেইন উন্নয়ন এবং সিন্ডিকেট ভাঙতে হলে এমন উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে হবে। এজন্য সরকারের সহযোগিতাও প্রয়োজন।

এসময় উপস্থিত প্রতিষ্ঠাতা উদ্যোক্তারা জানান, এই বাজার থেকে সাধারণ ভোক্তারা অন্যান্য বাজারের তুলনায় ১৫% থেকে ২০% কম দামে পণ্য কিনতে পারবেন। এতে একদিকে যেমন প্রান্তিক কৃষকরা ন্যায্য দাম পাবেন, তেমনি ভোক্তারাও স্বস্তি পাবেন সাশ্রয়ী দামে পণ্য পেয়ে।

উদ্যোক্তারা আরও জানান, ইতোমধ্যেই প্রায় ১৫ হাজার কৃষক এবং ১৮ হাজার পোল্ট্রি খামারি এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরা সরাসরি আলু, পেঁয়াজ, শাক-সবজি, ফল, মাছ, মাংস, ডিম ও মুরগি বাজারে সরবরাহ করবেন।

পিএস