পবিত্র ঈদুল আজহার টানা ছুটির মধ্যেও তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে আজ মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে খোলা থাকছে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখা। যদিও ঈদের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকার কথা, তবে বিশেষ প্রয়োজনে এই জরুরি ব্যাংকিং সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ খোলা থাকা শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকেরা লেনদেন করতে পারবেন। তবে আনুষঙ্গিক অন্যান্য অফিসিয়াল কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।
এর আগে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পোশাক শিল্পবহুল এলাকা যেমন—ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো গতকাল (২৫ মে) ও আজ (২৬ মে) বিশেষ এই সেবা দিচ্ছে। মূল উদ্দেশ্য হলো পোশাক শ্রমিকদের ঈদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি সময়মতো পরিশোধ নিশ্চিত করা।
এছাড়া, আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে ঈদের দিন ছাড়া বাকি ছুটির দিনগুলোতেও ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এই ঈদের ছুটির দিনে যেসব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন, তারা প্রচলিত নিয়ম ও বিধি অনুযায়ী নির্ধারিত বিশেষ ভাতা পাবেন।
এম