ঢাকা: নিয়োগ পাওয়ার দুই দিন পর দায়িত্ব পালন করবেন না বলে জানালেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে নিয়োগ পাওয়া নাবিল মুস্তাফিজুর রহমান।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে তিনি বলেছেন, একান্ত ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব পালনে অপরাগ।
তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও সিইও পদে বিবেচনা করার জন্য নাবিল মুস্তাফিজুর রহমান সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা এএমডি পদে কর্মরত আছেন।
এর আগে ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি করার বিষয়ে সরকারের সম্মতির কথা জানান। যোগ দেওয়ার তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাঁকে।
এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংক মিলে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসবে।
এএইচ/পিএস