বিশ্ববাজারে সোনা-রূপার দামে বড় পতন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১১:৫৭ এএম

বিশ্ব অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অগ্রগতি না হওয়ায় বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর তথ্য অনুযায়ী, সোমবার সকালেই স্পট মার্কেটে সোনার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭১৮.৯৮ ডলারে নেমে আসে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস প্রায় ১ শতাংশ কমে ৪,৭৪২ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, ডলারের মান বৃদ্ধি এবং তেলের দামের উল্লম্ফন বিনিয়োগকারীদের সোনা থেকে সরে যেতে বাধ্য করছে। বিশেষ করে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, যুদ্ধবিরতির আশায় ধাক্কা লাগায় বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় হিসেবে সোনা থেকে সরে অন্য সম্পদে ঝুঁকছেন।

সোনার পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামও কমেছে। রুপার দাম ২.২ শতাংশ কমে এবং প্লাটিনামও সামান্য হ্রাস পেয়েছে। তবে প্যালাডিয়ামের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে।

দেশীয় বাজারে এখনও উচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা। বর্তমান হিসেবে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকার কাছাকাছি, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামও একইভাবে উচ্চ পর্যায়ে রয়েছে।

এদিকে দেশের বাজারে সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়। আজ সোমবারও (১২ এপ্রিল) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামেই।

সর্বশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এম