বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ কবির হোসেন-এর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) উত্তরা স্থায়ী ক্যাম্পাসে শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার রুহের মাগফেরাত কামনায় এ আয়োজন করা হয়। এফআইইউ পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়েন্ট রেজিস্ট্রার মামুন উল মতিন।
স্মরণসভায় মরহুমের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মশিউর রহমান। তিনি শিক্ষাক্ষেত্রে শেখ কবির হোসেনের অবদান এবং এফআইইউ প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদারসহ ট্রাস্টি বোর্ডের সদস্য, সিন্ডিকেট সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শেখ কবির হোসেনের আদর্শ, সততা ও শিক্ষানুরাগ বিশ্ববিদ্যালয় পরিবারকে ভবিষ্যতে পথ দেখাবে এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের দুই ছেলে শেখ মুশফেক কবির ও শেখ মোসাদ্দেক কবির। এছাড়াও এফআইইউর ট্রাস্টি বোর্ডের সদস্য মো. আব্দুল্লাহ ও মোহাম্মদ আব্দুল আজিজ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবা নাসরিন ও প্রফেসর অসিম সরকার, ফাইন্যান্স কমিটির সদস্য ফায়েকুজ্জামান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমদ অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতির সমাপনী বক্তব্যের পর ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. শাহজাহান কবির মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, শেখ কবির হোসেন গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
এম