ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা কমানো হয়েছে।
রোববার (৫ এপ্রিল) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নতুন সূচিতে লেনদেন হবে বলে ডিএসইর এক পরিপত্রে বলা হয়।
নতুন সূচিতে লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বেলা ২টা পযর্ন্ত। ‘পোস্ট ক্লোজিং’ সময় ১টা ৫৬ মিনিট থেকে ২টা পযর্ন্ত।
[268361]
তবে দাপ্তরিক কাজে পুঁজিবাজার খোলা থাকবে সকাল ৯টা থেকে ৪টা।
স্বাভাবিক সময়ে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে জ্বালানি সংকটে পড়েছে প্রায় পুরো বিশ্ব। বাংলাদেশও জ্বালানি তেল পেতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে তেল মজুদের খবর আসছে। সরকার মজুদদারি ঠেকাতে অভিযান চালাচ্ছে।
যুদ্ধের অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্য ছাড়াও অন্য উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টাও করছে সরকার। সঙ্গে চলছে জ্বালানি সাশ্রয়ের চেষ্টা। সরকারি ব্যয় কমানোর উদ্যোগও নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ব্যাংকিং কার্যক্রমের সময় কমানোর পাশাপাশি দোকানপাট, বিপণিবিতানহ ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত হয়।
এই সিদ্ধান্তের পর রোববার ব্যাংকে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেনের জন্য বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত সময় ঠিক করা হয়েছে।
স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন এবং দাপ্তরিক কাজের জন্য ৬টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা হয়।
এরপর দেশের পুঁজিবাজারেও লেনদেনের সময় কমিয়ে পরিপত্র জারি করা হল।
এসআই