দেশে স্বর্ণের দাম কমল, আজ থেকে নতুন দর কার্যকর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:৫৮ এএম

দেশের স্বর্ণবাজারে টানা ঊর্ধ্বগতির পর অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে, যেখানে ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

সংগঠনটির মতে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় বিক্রি হবে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হবে।

বিশ্ববাজারে সাম্প্রতিক অস্থিরতার প্রভাব পড়েছে স্বর্ণের দামে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-কে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে চলতি মাসের শুরুতে দাম বাড়লেও বর্তমানে তা কিছুটা সমন্বয় হয়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৪৮ ডলারের বেশি।

উল্লেখ্য, এর আগে জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে তীব্র মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও রেকর্ড দাম দেখা যায়। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

এম