ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের মূল্যায়ন (ভ্যালুয়েশন) প্রতিবেদন অনুমোদন করেছে। কোম্পানিটির আর্থিক বিভিন্ন সূচকে অবনতি তবে কোম্পানির নিট দায় কিছুটা কমে এসেছে। তা সত্ত্বেও এই দায়ের পরিমাণ প্রায় ১ হাজার ৪২৭ কোটি টাকা।
রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
[268835]
তথ্যমতে, গত ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত ২২৭তম পর্ষদ সভায় এই মূল্যায়ন প্রতিবেদন অনুমোদিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ৪২৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ১ হাজার ৪৩২ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির নিট দায় সামান্য কমেছে। তবে এসময়ে কোম্পানিটি সামগ্রিক আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি।
এদিকে ২০২৩ সালের ডিসেম্বর শেষে কোম্পানি জীবন বিমা তহবিলের পরিমাণ কমে দাঁড়ায় ৭৫৭ কোটি ৩৪ লাখ টাকায়, যা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ৭৭১ কোটি ৩৩ লাখ টাকার বেশি। এতে বোঝা যায়, কোম্পানির তহবিল ব্যবস্থাপনায় চাপ অব্যাহত রয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, কোম্পানির ঘাটতির পরিমাণ বেড়েই চলছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৬৬৯ কোটি ৪৩ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৬৬১ কোটি ২৩ লাখ টাকার মতো। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতির পরিমাণ আরো ৮ কোটি টাকার বেশি বেড়েছে।
এসআই