বছর শেষে ৬ লাখ টাকা ছাড়াতে পারে স্বর্ণের দাম, দেশে আজ ভরি কত

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:১৩ এএম

বিশ্ববাজারের উত্থান-পতনের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বর্ণের বাজারও অস্থির অবস্থায় আছে। মাত্র একদিনের ব্যবধানে দাম কমার পরে আবারও নতুন রেকর্ড দামের দিকে ধাবিত হয়েছে দেশের জুয়েলারি খাত। সর্বশেষ গতকাল ৬ মে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় তারা নতুন করে দাম সমন্বয় করেছে। সেই দামেই আজ (বৃহস্পতিবার) স্বর্ণ কেনাবেচা হবে।

আজকের বাজারমূল্য:

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা

এর আগে দেশে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় বিক্রি হচ্ছিল।

বিশ্ববাজারেও স্বর্ণের দাম উর্ধ্বমুখী। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩.২% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৭০৩.০৯ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে জুন ডেলিভারির স্বর্ণ ফিউচারসও ৩.২% বেড়ে ৪,৭১৪ ডলারে দাঁড়িয়েছে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো এভানজেলিস্তা বলেছেন, “পারস্য উপসাগরে পরিস্থিতি স্বাভাবিক থাকলে বছর শেষে স্বর্ণের দাম ৫ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রার বর্তমান রেটে ৬ লাখ টাকার ওপরে) কাছাকাছি পৌঁছাতে পারে।”

স্বর্ণ ছাড়াও অন্যান্য ধাতুর দামও বেড়েছে—

রূপা: প্রতি আউন্স ৭৬.৯৫ ডলার (+৫.৭%)
প্লাটিনাম: ২,০২০.০৫ ডলার (+৩.৪%)
প্যালাডিয়াম: ১,৫৩৪.৪২ ডলার (+৩.৩%)

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য শান্তি চুক্তি এবং ডলারের মূল্য হ্রাসের কারণে বিনিয়োগকারীরা সুদবিহীন সম্পদ স্বর্ণের দিকে ঝুঁকছেন। এতে এক সপ্তাহেরও বেশি সময়ে স্বর্ণের দাম সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।