হরমুজে উত্তেজনা বাড়তেই তেলের বাজারে বড় লাফ

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০২৬, ১২:০৩ পিএম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সংঘাতের জেরে বিশ্ববাজারে হঠাৎ বড় লাফ দিয়েছে অপরিশোধিত তেলের দাম, যার প্রভাব পড়তে শুরু করেছে শেয়ারবাজারেও।

বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম একপর্যায়ে প্রায় ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। পরে শুক্রবার এশিয়ার বাজার খোলার পর কিছুটা কমলেও দাম ১০০ ডলারের ওপরে অবস্থান করে। গ্রিনিচ মান সময় রাত ৩টা পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১০১ দশমিক ১২ ডলারে। দিনের সর্বোচ্চ পর্যায়ে দাম উঠেছিল ১০৩ দশমিক ৭০ ডলারে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে বাজারে দ্রুত মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর তিনটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালিয়েছে বলে জানানো হয়।

অন্যদিকে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি ইরানি তেলবাহী জাহাজ এবং আশপাশের আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া কেশম দ্বীপসহ কয়েকটি বেসামরিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অস্বাভাবিক ধীরগতি দেখা দেয়। সম্ভাব্য হামলার আশঙ্কায় বড় তেলবাহী জাহাজগুলোর চলাচল সীমিত হয়ে পড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতিদিন প্রায় ১ কোটি ৪৫ লাখ ব্যারেল তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কাই মূলত বাজারে বড় ধরনের চাপ তৈরি করেছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংকট শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

জ্বালানি বাজারের এই অস্থিরতার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার লেনদেন শুরুর পর জাপানের নিক্কেই ২২৫, দক্ষিণ কোরিয়ার কসপি এবং হংকংয়ের হ্যাংসেং সূচক ১ শতাংশের বেশি কমে যায়।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব দেখা গেছে। আগের দিন রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বৃহস্পতিবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ০ দশমিক ৪ শতাংশ কমে বন্ধ হয়।

তথ্যসূত্র: আল জাজিরা
এম