আন্দোলনে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের পরিবর্তন হবে না: বাংলাদেশ ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে সরানো হবে না। রাস্তার আন্দোলনে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।

সোমবার (১ জুন) ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

আরিফ হোসেন খান বলেন, ব্যাংকের কোনো সিদ্ধান্তই রাস্তার কোনো আন্দোলনের মাধ্যমে নির্ধারিত হবে না। যে কোনো ইস্যুতে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির বিক্ষোভ প্রদর্শন বা মত প্রকাশের অধিকার রয়েছে এবং আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ারও এখতিয়ার আছে। তিনি বলেন, আন্দোলনে নয়, আইন মেনেই সিদ্ধান্ত হবে।

মুখপাত্র বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ঋণখেলাপি ব্যক্তি ব্যাংকের পরিচালক হতে পারেন না। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে একজন ব্যক্তির তিন কোটি টাকার খেলাপি ঋণ থাকার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উঠে আসা বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী খেলাপি অবস্থায় কারও পরিচালক পদে থাকার সুযোগ নেই এবং নিয়োগের আগে এসব বিষয় যাচাই করা বাধ্যতামূলক।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবস্থান অত্যন্ত স্পষ্ট-কেন্দ্রীয় ব্যাংক কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ব্যাংক কর্মকর্তারা দায়িত্ব পালনের সময় কোনো রাজনৈতিক চাপের মুখে পড়লে তা সরাসরি গভর্নরকে জানাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন হলে গভর্নর নিজেই বিষয়টি মোকাবিলা করবেন।

এর আগে, সোমবার সকাল থেকে রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানের প্রতিবাদে একদল আন্দোলনকারী প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, “ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।”

গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। ওই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়।

পিএস