বিএসইসির চেয়ারম্যান রদবদলে শেয়ারবাজার চাঙ্গা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৪:৪৬ পিএম
ফাইল ছবি

ঢাকা: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমদু চৌধুরীর ঘোষণায় আগের কর্মদিবসও শেয়ারবাজারে বড় ধরণের উত্থান হয়েছে। তবে বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনারদের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার নিয়োগের খবরে চাঙ্গা হয়ে যায় শেয়ারবাজার। শেষ পর্যন্ত এই চাঙ্গা ভাব নিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।

এদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। ছাড়াও বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ জুন) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করার পর ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। এর কিছুক্ষণ পরই ঘোষণা আসে বিএসইতে নতুন চেয়ারম্যান হিসেবে খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. মাসুদ খানকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই খবরে চাঙ্গা ভাব নিয়েই শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।

এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় মূল্যসূচকও বেড়েছে। সেইসঙ্গে ডিএসইতে প্রায় ৯ মাস বা গত বছরের ৮ সেপ্টেম্বরের পর সব থেকে বেশি লেনদেন হয়েছে।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই দাম কমার তালিকায় চলে যায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে মূল্যসূচকও ঋণাত্মক হয়ে পড়ে। এ পরিস্থিতিতে খবর আসে বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদ এবং চারজন কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন পদত্যাগ করেছেন।

এ পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। দাম কমার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়। লেনদেনের শেষ পর্যন্ত এ ধরা অব্যাহত থাকে। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। এর মাধ্যমে টানা নয় কার্যদিবস শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী থাকলো।

লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করছে আর ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৮ পয়েন্টে উঠে এসেছে।

মূল্যসূচক বাড়ার পাশাপাশি আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭২ কোটি ৪৬ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ৮ সেপ্টেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৫৫ প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৪টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৪৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩১ কোটি ৮ লাখ টাকা।

পিএস